রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে উত্তরা এলাকায় একটি মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে ফেরার পথে জুলাই রেভেলস সংগঠনের ওই দুই সদস্য দুর্বৃত্তদের হামলার শিকার হন। আগে থেকে ওঁত পেতে থাকা একদল হামলাকারী হঠাৎ তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে দুই সদস্যকে রাস্তায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার সময় আশপাশে থাকা লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উত্তরা ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের চিহ্ন রয়েছে এবং তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলমসহ পুলিশের একটি দল। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।”
ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি পূর্বপরিকল্পিত হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ধারাবাহিক হামলার ঘটনায় জুলাই রেভেলস সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।